মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে প্রত্নতাত্ত্বিকরা প্রায় ৩ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা একটি মানব দেহাবশেষ উদ্ধার করেছেন। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সান সালভাদরের উপশহর অ্যান্টিগুয়ো কুসকাতলানের একটি সমাধিস্থল থেকে গত ২ জুলাই এই দেহাবশেষ প্রথম উত্তোলন করা হয়। এগুলো খ্রিস্টপূর্ব প্রায় ৮৫০ সালের বলে ধারণা করা হচ্ছে।
সমাধিস্থলে একটি ছোট আকারের উসুলুতান শৈলীর মাটির পাত্র পাওয়া গেছে, যার আকৃতি সামুদ্রিক কচ্ছপের মতো। এছাড়া বিভিন্ন সময়ে জমা হওয়া আগ্নেয়গিরির ছাইয়ের স্তরের নিচে সংরক্ষিত কাসাভা (শর্করা জাতীয় কন্দ) গাছের শাখার অবশেষও পাওয়া গেছে।
প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষ উপুড় অবস্থায় ছিল। এর বয়স নিশ্চিত করতে রেডিওকার্বন পরীক্ষা করা হবে, পাশাপাশি ব্যক্তিটির লিঙ্গ নির্ধারণের জন্য ডিএনএ বিশ্লেষণও করা হবে।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থানে পশ্চিম এল সালভাদরের চালচুয়াপা প্রত্নতাত্ত্বিক স্থানের মতো আরও সমাধি থাকার সম্ভাবনা রয়েছে। ১৯৭০-এর দশকে চালচুয়াপায় প্রত্নতাত্ত্বিকরা ৩৩ জন মানুষের দেহাবশেষ উদ্ধার করেছিলেন, যেখানে পাওয়া গিয়েছিল ২৬টি সম্পূর্ণ কঙ্কাল, চারটি আংশিক কঙ্কাল ও তিনটি বিচ্ছিন্ন মাথার খুলি। ওই আবিষ্কারকে মেসোআমেরিকা অঞ্চলে মানব বলির প্রাচীনতম প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়।
চালচুয়াপায় পাওয়া দেহাবশেষগুলোর অনেকগুলোই উপুড় অবস্থায় পাওয়া যায়, যাদের হাত-পা বাঁধা ছিল। আবার কয়েকটির দেহে অঙ্গহানি বা শিরচ্ছেদের চিহ্নও লক্ষ্য করা গিয়েছিল।




মন্তব্য ও আলোচনা (০)