বিশেষজ্ঞদের মতে, নেপালের বন্যা এবং ভারতের দুর্যোগের মধ্যে সম্পর্কটি কেবল স্রোতের সঙ্গে বয়ে যাওয়া পানির সম্পর্ক নয়, বরং এটি আরও জটিল—এক দেশের প্রাকৃতিক বিপর্যয় অন্য দেশকেও প্রভাবিত করে। পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসা বন্যা বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ বয়ে আনে, আবার কিছু বন্যা নেপালের সমভূমিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শক্তি হারিয়ে সাধারণ বন্যায় পরিণত হয়। তবে এই বন্যার পানি ভারতে দুর্যোগে পরিণত হবে কি না, তা শুধু নেপালের বৃষ্টিপাতের ওপরই নির্ভর করে না, বরং ভারতের নিজস্ব বৃষ্টিপাত, নদীর পানির স্তর, বাঁধ ও পানি নিষ্কাশনব্যবস্থার ওপরও নির্ভর করে।
নেপালে ৬ হাজারেরও বেশি নদী ও জলধারা রয়েছে, যার বেশির ভাগই দক্ষিণে ভারত ও গঙ্গায় গিয়ে মিশেছে। এখানে তিনটি প্রধান নদীব্যবস্থা প্রাধান্য বিস্তার করে—পূর্বে কোসি, কেন্দ্রে গণ্ডকী (ভারতে গণ্ডক) এবং পশ্চিমে কর্ণালী (ভারতে ঘাঘরা), আর পশ্চিম সীমান্তে রয়েছে মহাকালী (শারদা)। আন্তর্জাতিক সমন্বিত পার্বত্য উন্নয়ন কেন্দ্রের জলবিজ্ঞানী মনীশ শ্রেষ্ঠার মতে, নেপাল থেকে ৭ থেকে ৯টি প্রধান নদী ভারতীয় সমভূমিতে প্রবাহিত হয় এবং ভারতে বন্যার জন্য এগুলোই দায়ী। ভারতের কেন্দ্রীয় জল কমিশনও কোসি, গণ্ডক, বাগমতী ও ঘাঘরাকে কয়েকটি প্রধান আন্তঃসীমান্ত নদী হিসেবে চিহ্নিত করেছে।




মন্তব্য ও আলোচনা (০)