মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সকল শহীদ ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর স্মরণে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দাসের বাজার সংলগ্ন কালু দেওয়ান আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চিকিৎসক ও ইসলামিক চিন্তাবিদ এবং চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবদুল মুবিন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আবদুল মুবিন বলেন, “আজকের এই সীরাতুন্নবী মাহফিলে মনগড়া কোনো কথা বলব না, নবী (সা.)-এর সীরাত নিয়েই আলোচনা করব। যারা নবী (সা.)-এর সীরাত মাহফিলে বাধা প্রদান করতে চায়, তারা যেন জেনে রাখে—আমরা কারও বিষোদ্গার করতে আসিনি। আমরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম থেকে শুরু করে তাঁর সমগ্র জীবনের আদর্শ ও কর্ম অনুসরণ করতে চাই।”
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার দেওয়ান, উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজীর এবং ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. শফিউল্লাহ শিকদার।
এ ছাড়া বিশেষ আলোচনা করেন ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন এবং ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম রবিউল আলম।
মাহফিল সঞ্চালনা করেন হাফেজ জুলকার নাঈন। সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী মোস্তফা কামাল। মাহফিলের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
আয়োজকদের মধ্যে ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মো. মনির হোসেন ও রাশিয়া প্রবাসী মো. আবু সাঈদ চৌধুরী।
মাহফিলে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক ও আদর্শ তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সময়ে মুসলমানদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় মতলব উত্তর উপজেলা ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




মন্তব্য ও আলোচনা (০)