শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে অনুদান বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করতে হবে এবং বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া অন্যান্য শর্ত পূরণে ভারত সরকার আন্তরিক হলে দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো দেশের সঙ্গে দাসত্বের সম্পর্ক থাকবে না, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের দাবিগুলো পূরণে ইতিবাচক সাড়া পাওয়া গেলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন। এ ছাড়া ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজারকে পৌরসভায় রূপান্তরসহ এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে কেউ শত্রু নয়, ব্যক্তি বা রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে উন্নয়নের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার স্বার্থে সবাইকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরার পরিচালনায় জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মন্তব্য ও আলোচনা (০)